ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ আসরের আগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান কে দল থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
আজ (শনিবার)কেকেআর এক বিবৃতিতে জানায়, বিসিসিআই এর নির্দেশ অনুসারে এবং আইপিএলের নির্ধারিত নিয়ম ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আইপিএল নিয়ম অনুযায়ী একজন বিকল্প খেলোয়াড় চুক্তিবদ্ধ করার অনুমতি পাবে ফ্র্যাঞ্চাইজিটি বলেও জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে ৩ জানুয়ারি সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থাকে জানান, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমানকে দল থেকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মিনি নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে এই বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল।
বিসিসিআইয়ের নির্দেশ পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর কেকেআর তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করে। সেখানে পুনরায় জানানো হয়, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআইয়ের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটির প্রতি সম্মান জানিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে এই ইস্যু ঘিরে কেকেআর ও তাদের সহ-মালিক শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েন। ভারতের কিছু রাজনৈতিক নেতা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বাংলাদেশের একজন ক্রিকেটারকে দলে নেওয়াকে ভালোভাবে নেননি বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামের এক যুবকের মৃত্যুর ঘটনার পর ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও অবনতির দিকে যায়, যার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। এ প্রেক্ষাপটে বিজেপি নেতা সঙ্গীত সোম প্রকাশ্যে শাহরুখ খানকে আক্রমণ করে মুস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বিসিসিআইয়ের হস্তক্ষেপ দাবি করেন।
সব মিলিয়ে আইপিএলকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্ক এখন কেবল ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা ভারত–বাংলাদেশ সম্পর্ক ও রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?