রোমাঞ্চকর অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ইতিহাস গড়েছেন কার্লোস আলকারাজ। এই জয়ের মধ্য দিয়ে পুরুষদের টেনিসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেন স্প্যানিশ তারকা। একই সঙ্গে ভেঙে দেন জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্ন।
২২ বছর বয়সী আলকারাজ মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ সেটে জয় নিশ্চিত করার পর আবেগে কোর্টে লুটিয়ে পড়েন। ম্যাচ শেষে হতাশ হলেও খেলোয়াড়সুলভ আচরণ দেখান জকোভিচ। নেট পেরিয়ে এসে তরুণ প্রতিদ্বন্দ্বীকে জড়িয়ে ধরে ইতিহাস গড়ার এই মুহূর্তে অভিনন্দন জানান তিনি।
এই পরাজয়ের মধ্য দিয়ে জকোভিচের জন্য সর্বকালের সেরা হিসেবে নিজেকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার বড় একটি সুযোগ হাতছাড়া হলো।
ম্যাচের শুরুতে অবশ্য বেশ চাপেই ছিলেন স্প্যানিশ বিশ্ব নম্বর এক আলকারাজ। ৩৮ বছর বয়সী জকোভিচ নিজের অভিজ্ঞতা ও কৌশলে তরুণ প্রতিপক্ষকে চাপে রাখেন। তবে ধীরে ধীরে বেসলাইন থেকে নিজের ছন্দ ফিরে পান আলকারাজ। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে চতুর্থ বাছাই সার্বিয়ান তারকাকে পরাজিত করে জিতে নেন নিজের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
এই জয়ের মাধ্যমে আলকারাজ হয়ে ওঠেন মাত্র নবম পুরুষ খেলোয়াড়, যিনি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—চারটি গ্র্যান্ড স্ল্যামই জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?