সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর জন্য ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হয়েছে জানিয়ে দেশ ও বিদেশের শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, দেশ-বিদেশে অবস্থানরত মানুষের ভালোবাসা, সমবেদনা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি উল্লেখ করেন, এই সময়টিতে তারা আরও উপলব্ধি করেছেন—বেগম খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন, যার গভীরতা অনেক ক্ষেত্রে পরিবারের পক্ষেও পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি।
তারেক রহমান লেখেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীনতার প্রতীক ও নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থানের প্রেরণা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এই প্রেরণা পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অসংখ্য মানুষকে স্পর্শ করেছে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ের মধ্যে এই বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।
পোস্টে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোর সরকারপ্রধান, নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিভিন্ন দেশের অংশীদারদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। জানাজায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি, সমবেদনার চিঠি ও বার্তা, শোকবইয়ে লেখা মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অনুভূতিকে তিনি অভূতপূর্ব সম্মান হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, মায়ের শেষ বিদায়ে তাঁদের শ্রদ্ধা ও পেশাদারিত্ব জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। বিশেষভাবে তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সম্মানসূচক গার্ড অব অনার ও শেষ সালামের জন্য কৃতজ্ঞতা জানান।
পোস্টের শেষাংশে তারেক রহমান বাংলাদেশের জনগণের প্রতি গভীর অভিবাদন জানিয়ে বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদন তাদের পরিবার কখনো ভুলবে না। বিএনপি ও তাঁর পরিবারের পক্ষ থেকে শোক ও স্মরণের এই সময়ে পাশে থাকার জন্য সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?