জামায়াতে ইসলামীর আমিরের নারীবিদ্বেষী পোস্ট দেওয়ার প্রায় ৯ ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার দাবি কতটা যৌক্তিক সে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিষয়টি নিয়ে জনমনে স্বাভাবিকভাবেই গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।
রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো ভেরিফায়েড বা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট হ্যাক হলে তাৎক্ষণিকভাবে জনগণকে জানানোই দায়িত্ব। কিন্তু নারীবিদ্বেষী পোস্টের পর ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ার অনেক পরে গভীর রাতে হঠাৎ হ্যাকিংয়ের দাবি করা হয়েছে, যা বিশ্বাসযোগ্য নয়।
মাহদী আমিন বলেন, ওই সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করা হলেও এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। পরে রাত সাড়ে ৩টার দিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যেখানে বলা হয়েছে বিকেলেই হ্যাকের বিষয়টি জানা ছিল। তাহলে এত দেরিতে জিডি করার কারণ কী—সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, হ্যাক হওয়ার দাবি করার অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্ট পুনরুদ্ধারের বিষয়টিও সন্দেহজনক। বিএনপির দাবি, পুরো ঘটনাটি দায় এড়ানোর চেষ্টা ছাড়া আর কিছু নয়।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা প্রকাশ্য নারীবিদ্বেষ এবং কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এর আগেও একই দলের নেতাদের কাছ থেকে নারীদের নিয়ে অবমাননাকর ও পশ্চাৎপদ বক্তব্য এসেছে।
বিএনপির মুখপাত্র আরও বলেন, নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সমঅধিকারের প্রশ্নে বিএনপি আপসহীন। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, আইনশৃঙ্খলা ও মুক্তিযুদ্ধ—সব ক্ষেত্রেই নারীদের অবদান অস্বীকার করা যায় না। অথচ একটি রাজনৈতিক দল বারবার নারীদের অপমান করছে, যা জাতিকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার শামিল।
তিনি স্পষ্ট করে বলেন, নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে বিএনপি কোনো ভয় বা পিছু হটার রাজনীতিতে বিশ্বাস করে না।
সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?