দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে শহরের ইন্ড স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খালেদ মিয়া সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের কছির আলীর একমাত্র ছেলে। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন অলংকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, খালেদ মিয়া জোহানেসবার্গে তার মামা অ্যাডভোকেট আফরোজ উদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনার দায়িত্বে ছিলেন। শনিবার সকালে তিনি ব্যবসায়িক প্রয়োজনে ইন্ড স্ট্রিট এলাকার একটি ব্যাংক থেকে টাকা তুলতে যান। টাকা উত্তোলন শেষে ব্যাংক থেকে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জোহানেসবার্গের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে খালেদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন বলেন, খালেদ অত্যন্ত ভদ্র ও অমায়িক স্বভাবের একজন যুবক ছিলেন। জোহানেসবার্গে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কাছে তিনি পরিচিত ও প্রিয় মুখ ছিলেন।
প্রবাসী সূত্রগুলো জানায়, এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাংলাদেশিরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে খালেদ মিয়ার নিহতের খবরে তার নিজ গ্রাম টেংরায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?