ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য বাধ্য করা হয়েছে বলে নতুন অভিযোগ এসেছে। অভিযোগকারীর দাবি, যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন তাঁকে যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন। ঘটনার সময় ওই নারী ব্রিটিশ নাগরিক ছিলেন না এবং বয়স ছিল বিশের কোঠায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী ব্র্যাড এডওয়ার্ডস অভিযোগকারীর পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন। তার বরাতে জানা যায়, অ্যান্ড্রুর সঙ্গে রাত কাটানোর পর ওই নারীকে বাকিংহাম প্যালেস ঘুরে দেখানো হয়েছিল এবং সেখানে চা-আপ্যায়নও করা হয়েছিল। এ বিষয়ে অ্যান্ড্রু এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
এডওয়ার্ডস এর আগে ভার্জিনিয়া জিউফ্রে নামে অন্য এক ভুক্তভোগীর পক্ষেও আইনি লড়াই চালিয়েছেন। জিউফ্রে অভিযোগ করেছিলেন, ২০০১ সালে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য তাঁকে লন্ডনে আনা হয়েছিল। জিউফ্রের বয়স তখন ১৭ বছর। ২০০১ থেকে ২০০২ সালের মধ্যে তাঁকে আরও দুবার অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কের জন্য বাধ্য করা হয়, একবার নিউইয়র্কে এবং একবার এপস্টেইনের ব্যক্তিগত ক্যারিবীয় দ্বীপে।
এপস্টেইন ২০০৮ সালে ফ্লোরিডায় ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে দোষী সাব্যস্ত হন। ২০১০ সালে তার সাজা শেষ হয়, তবে ২০১৯ সালে তিনি কারাগারে মারা যান।
নতুন প্রকাশিত এপস্টেইন ফাইলের একটি ছবিতে অ্যান্ড্রুকে দেখা গেছে, যেখানে তিনি মেঝেতে শুয়ে থাকা এক নারীর ওপর ঝুঁকে রয়েছেন। এছাড়াও ২০১০ সালের ইমেল বিনিময়ে জানা গেছে, এপস্টেইন অ্যান্ড্রুকে লন্ডনে এক "বন্ধু"র সঙ্গে ডিনারে আমন্ত্রণ জানিয়ে ছিলেন।
এর প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অ্যান্ড্রুকে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। যদিও অ্যান্ড্রু সবসময় এপস্টেইনের বিরুদ্ধে আনা যৌন অপরাধে কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
চলমান কেলেঙ্কারির কারণে রাজা চার্লস অ্যান্ড্রুর ‘প্রিন্স’ উপাধি বাতিল করেছেন এবং তাকে উইন্ডসর প্রাসাদ থেকে সরিয়ে দিয়েছেন। বাকিংহাম প্যালেস এখন পর্যন্ত নতুন কোনো মন্তব্য করেনি।
এই মামলায় জেফ্রি এপস্টেইনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলকেও একই অভিযোগে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি ধারাবাহিকভাবে এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ করছে, যা উচ্চপ্রভাবশালী ব্যক্তিদের নামের সঙ্গে তাদের সম্পর্কের তথ্য সামনে এনেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?