ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর অনুরোধে শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
এই সুযোগ কাজে লাগিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের আসন্ন ১১তম আসরে বাংলাদেশের বাঁ-হাতি এই পেসারকে স্বাগত জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখা হয়, ‘ব্যাটাররা সতর্ক হয়ে যাও—মুস্তাফিজ আসছেন।’ যদিও এখনো নিশ্চিত হয়নি, পিএসএলের কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।
পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, মুস্তাফিজ ইতোমধ্যে পিএসএলে খেলার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন এবং তিনি নিলামের শীর্ষ ক্যাটাগরিতে রয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।
এবারের আসরে পিএসএলে দুটি নতুন দল যুক্ত হচ্ছে। ইনভেলেক্স সোলার এনার্জি ও ওজি গ্রুপ অব কোম্পানিস—এই দুটি প্রতিষ্ঠান নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে চূড়ান্ত হয়েছে। আগামী ৮ জানুয়ারি এসব দলের ফ্র্যাঞ্চাইজি নিলাম অনুষ্ঠিত হবে। নতুন দলগুলোও মুস্তাফিজকে দলে নিতে আগাম আলোচনা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পিএসএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ, যেদিন আইপিএল শুরুর কথাও রয়েছে। পিএসএল শেষ হবে ৩ মে, আর আইপিএল শেষ হবে মে মাসের শেষ দিকে। আইপিএল থেকে নাম প্রত্যাহারের পরই মুস্তাফিজ তার এজেন্টের মাধ্যমে পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন বলে জানা গেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?