সদ্যসমাপ্ত ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন। এ সময় মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন। ৪ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটির তথ্যমতে, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। একই সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ এবং আহতের সংখ্যা বেড়েছে ১৪ দশমিক ৮৭ শতাংশ।
মোটরসাইকেল দুর্ঘটনায় উদ্বেগজনক চিত্র
পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ২ হাজার ৪৯৩টি, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৭ দশমিক ০৪ শতাংশ। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ হাজার ৯৮৩ জন এবং আহত হয়েছেন ২ হাজার ২১৯ জন।
সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে দুর্ঘটনার হিসাব
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে মোট নিহত হয়েছেন ৯ হাজার ৭৫৪ জন এবং আহত হয়েছেন ১৫ হাজার ৯৬ জন। এর মধ্যে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় নিহত ৪৮৫ জন, আহত ১৪৫ জন, নৌপথে ১২৭টি দুর্ঘটনায় নিহত ১৫৮ জন, আহত ১৩৯ জন এবং নিখোঁজ ৩৮ জন।
আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকার বেশি
সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তার হিসাবে, এসব দুর্ঘটনায় বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকার বেশি।
তিনি দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে সড়ক নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানান।
দুর্ঘটনার ধরন ও যানবাহনের হিসাব
সংগঠনের বিশ্লেষণে দেখা গেছে, শনাক্ত হওয়া ১ হাজার ২৮৮টি যানবাহনের মধ্যে—
বাস: ১৪.৪৯%
ট্রাক-পিকআপ-কভার্ডভ্যান-লরি: ২২.৬০%
কার-জিপ-মাইক্রোবাস: ৫.৮৫%
সিএনজিচালিত অটোরিকশা: ৬.৬৩%
মোটরসাইকেল: ২৮.৪৮%
ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক: ১৩.৫৪%
নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা: ৮.৩৮%
দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়—
৪৮.৮৪% পথচারীকে চাপা
২৬% মুখোমুখি সংঘর্ষ
১৮.৬৩% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া
০.৬৮% ট্রেন-যানবাহন সংঘর্ষ
বাকি অংশ অন্যান্য কারণে
কোথায় বেশি দুর্ঘটনা
দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়—
জাতীয় মহাসড়কে: ৩৮.২২%
আঞ্চলিক মহাসড়কে: ২৭.১৩%
ফিডার রোডে: ২৮.৮৩%
ঢাকা মহানগরীতে: ৪.২২%
চট্টগ্রাম মহানগরীতে: ০.৯০%
রেলক্রসিংয়ে: ০.৬৮%
মোজাম্মেল হক চৌধুরী বলেন, ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও অবাধ চলাচলের কারণে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?