যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) ক্যালিফোর্নিয়ার দুটি গাঁজার খামারে অভিযান চালিয়ে ৩৬১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। অভিযানে ১৪ জন অভিবাসী শিশুকেও উদ্ধার করা হয়েছে, যাদের জোরপূর্বক শ্রমে লাগানো হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে।
গত সপ্তাহের শেষ দিকে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) এর যৌথ অভিযানে ক্যালিফোর্নিয়ার কামারিলো এবং কার্পিন্টেরিয়া এলাকায় অবস্থিত দুটি গাঁজার খামারে অভিযান চালানো হয়।
প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া অভিবাসীর সংখ্যা ৩৫০ বলা হলেও, DHS-এর হালনাগাদ তথ্যে এই সংখ্যা ৩৬১ জনে দাঁড়িয়েছে। DHS জানিয়েছে, এই ব্যক্তিদের অনেকের বিরুদ্ধেই রয়েছে ধর্ষণ, শিশু নিপীড়ন, ধারাবাহিক চুরি, হিট অ্যান্ড রান, ও DUI (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো)-এর মতো গুরুতর অপরাধের রেকর্ড।
DHS জানায়, দুটি খামারের বিরুদ্ধেই ফৌজদারি অনুসন্ধান পরোয়ানা জারি ছিল। অভিযোগ রয়েছে যে, সেখানে শিশু অভিবাসীদের জোর করে শ্রমে বাধ্য করা, মানবপাচার, এবং শোষণ চলছিল। উদ্ধার হওয়া শিশুদের সুরক্ষায় ইতোমধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়েছে।
DHS-এর সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন ফক্স নিউজকে বলেন,“আমরা এমন ৩৬১ জনকে আটক করেছি, যাদের অনেকে ভয়ংকর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা আমাদের সমাজে থাকার উপযুক্ত নয়, বিশেষ করে শিশুদের আশেপাশে তো নয়ই।”
তিনি আরও বলেন,“এই অভিযান ট্রাম্প প্রশাসনের সময় শুরু হওয়া বৃহৎ নিরাপত্তা কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম এবং আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি।”
এদিকে ডেমোক্র্যাট নেতারা এই অভিযানের সমালোচনা করেছেন, অভিযোগ করেছেন যে এটি মূলত কৃষিশ্রমিকদের টার্গেট করছে, যাদের অধিকাংশই হয়তো নিরপরাধ। তবে ট্রাম্প প্রশাসন এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল অপরাধে জড়িত ও বেআইনিভাবে থাকা অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?