বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কলকাতায় অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বুদ্ধিজীবী, সাহিত্যিকসহ বিশিষ্ট জনদের সামনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন জয়। ভারতে এই প্রথম তিনি প্রকাশ্যে বক্তব্য রাখবেন। মনে করা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আঞ্চলিক রাজনীতি, গণতন্ত্র ও ভবিষ্যৎ দিক-নির্দেশনা নিয়ে বক্তব্য রাখবেন। এর আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেকর্ডকৃত অডিও বক্তব্য রেখেছিলেন। অনুষ্ঠানের আয়োজকদের সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ নিয়ে দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শহিদুল হাসান খোকনের ইনশাআল্লাহ বাংলাদেশ বই নিয়ে আলোচনা অনুষ্ঠানেই জয় অংশ নিচ্ছেন। আজ সোমবার বিসিসিআইয়ের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির পঙ্কজ রায়, সিপিআইএমের শায়লা শাহ হালিম, কংগ্রেসের কাঞ্চন মিত্র ও সাংবাদিক জয়ন্ত ঘোষাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ভারতের সাবেক সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?