দুর্বল পারফরম্যান্স ও সেবার মানে ঘাটতির কারণে উমরাহ খাতে প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির সঙ্গে করা চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। রোববার এ ঘোষণা দেয় দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়। তবে এ তালিকায় বাংলাদেশের কোনো এজেন্সি রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানায়, নিয়মিত মূল্যায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কার্যক্রম পর্যালোচনা করে সেবার মান ও পারফরম্যান্সে অসঙ্গতি পাওয়া যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি নিউজ এজেন্সির বরাতে এ খবর প্রকাশ করেছে অনলাইন খালিজ টাইমস।
মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিত হওয়া এজেন্সিগুলোকে ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময়সীমা বা গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে তাদের সঙ্গে করা চুক্তি পুনরায় কার্যকর করা হবে। তবে স্থগিতাদেশটি কেবল নতুন উমরাহ ভিসা ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে স্পষ্ট করেছে মন্ত্রণালয়।
হজ ও উমরাহ মন্ত্রণালয় আরও জানায়, যেসব উমরাহযাত্রীর ভিসা ইতোমধ্যে বৈধ রয়েছে কিংবা যাদের বুকিং সম্পন্ন হয়েছে, তারা এই সিদ্ধান্তে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। তাদের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধনে ব্যর্থ এজেন্সিগুলোর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, উমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করা এবং উমরাহ পালনকারীদের অধিকার সুরক্ষায় নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?