ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর দিয়েছে শ্রম মন্ত্রণালয়। বিশেষ করে যেসব প্রবাসী ‘ব্লকড ওয়ার্ক ভিসা’র আওতায় পড়ে বিপাকে ছিলেন, তাদের জন্য এবার এসেছে আশার আলো।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির শ্রম মন্ত্রণালয় এক নতুন সিদ্ধান্তে মেয়াদোত্তীর্ণ কর্মভিসা (Employment Visa) নবায়ন ও নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনের জরিমানা—মাসিক হোক বা অন্যান্য—সম্পূর্ণ মওকুফ করেছে।
দূতাবাসের ভাষ্যমতে, ‘ব্লকড’ ক্যাটাগরির প্রবাসীদের জন্য এখন থেকে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের নিয়োগকর্তার কোনো ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।
নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট সনদ সেন্টারের মাধ্যমে আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে ভিসা পরিবর্তনের অনুমতি মিলবে। পরবর্তীতে কর্মী ও নতুন নিয়োগকর্তা উক্ত অনুমতিপত্রসহ নিকটস্থ লেবার কোর্টে গিয়ে ভিসা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।
দূতাবাস আরও জানিয়েছে, যাদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) মেয়াদোত্তীর্ণ, তারা দূতাবাস থেকে পাসপোর্ট নবায়ন করে সহজেই ভিসা নবায়ন করতে পারবেন। প্রয়োজনে পাসপোর্ট সর্বোচ্চ ৩ (তিন) বছর পর্যন্ত নবায়ন করা যাবে, তবে একবারে এক বছরের বেশি নয়। এই বিশেষ সুযোগ থাকছে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
ই-পাসপোর্ট এনরোলমেন্টসহ অন্যান্য কনস্যুলার সেবা নিতে দূতাবাসে আগত সেবাপ্রার্থীদের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্যও দূতাবাস বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
দূতাবাস সকল প্রবাসী বাংলাদেশিকে নিয়ম মেনে সেবা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। এতে ঝামেলা ছাড়াই তারা ওমানে কাজ চালিয়ে যেতে পারবেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?