ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রসহ নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, কমিশনের উদ্যোগে চালু হওয়া অ্যাপটির নাম ‘স্মার্ট ইলেকশন বিডি’। ভোটারদের সুবিধার্থে অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হয়েছে।
এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এতে কেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি জিও লোকেশন, ম্যাপ দেখার সুবিধা এবং ভোটারের বর্তমান অবস্থান থেকে ভোটকেন্দ্রের দূরত্বও জানা যাবে। একই সঙ্গে ভোটকেন্দ্রের ছবি ও নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও অ্যাপে যুক্ত রয়েছে।
শুধু ভোটকেন্দ্রের তথ্য নয়, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপটিতে প্রার্থীদের বিস্তারিত তথ্যও সংযোজন করা হয়েছে। এতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্যের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা দেখার সুযোগ থাকবে। ফলে ভোটাররা প্রার্থীদের যোগ্যতা ও সম্পদ সম্পর্কে ধারণা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ইসি আরও জানায়, নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে নির্বাচনী ফলাফলও এই অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এতে ফলাফল প্রকাশে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষ দ্রুত তথ্য পাবে।
নির্বাচন কমিশনের মতে, এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে ভোটারদের ভোগান্তি কমবে এবং বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?