র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে আদেশ জারির পর নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দিয়েছেন। বিশেষায়িত এই ইউনিটটি এখন থেকে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ নামে পরিচিত হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারির পরই নতুন নামে কার্যক্রম শুরু হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।
গত দেড় বছরে র্যাবের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যাশার প্রতিফলন হিসেবেই বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুরুতে বাহিনীটির নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)’। পরবর্তীতে ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’ নামে পরিচিতি পায়। ২০০৪ সালে গঠিত এই বাহিনী ২২ বছর পর নতুন নাম পাচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?