দীর্ঘদিনের আলোচনা শেষে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঝুলে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে এই ঘোষণা দেন তিনি।
এর আগে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানান, বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প নিজেই জানান, বহুদিন ধরে আলোচিত এই বাণিজ্য চুক্তিতে দুই দেশ সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ভারতের উচ্চ শুল্কের জবাবে আরোপিত মার্কিন শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।
ট্রাম্পের ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার ‘প্রিয় বন্ধু’ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে। শুল্কহার ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনার জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান।
ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এই চুক্তিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানান। তিনি বলেন, এটি শুধু একটি বাণিজ্য চুক্তি নয়, বরং ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্কের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, যা ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য অর্জনে দেশকে আরও এগিয়ে নেবে।
তবে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা শুল্কের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিষয় কোয়ার্টার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় বলেন, এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনীতিতে বড় ধরনের সুযোগ সৃষ্টি করবে। তিনি এটিকে মোদি–ট্রাম্প অংশীদারিত্বের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, ভারতে বিরোধীরা চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের প্রশ্ন—চুক্তি যদি হয়ে থাকে, তবে চুক্তিপত্র কোথায়, কারা এতে স্বাক্ষর করেছেন এবং কেন ওয়াশিংটন থেকেই এর ঘোষণা এলো। পাশাপাশি ২৫ শতাংশ জরিমানা শুল্কের বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে, সেটিও স্পষ্ট করার দাবি জানিয়েছে বিরোধীরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?