ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক গৌরবময় অধ্যায় রচনা করলেন দীপিকা পাড়ুকোন। প্রথমবারের মতো কোনো ভারতীয় অভিনেত্রীর নাম যুক্ত হলো হলিউডের বিখ্যাত ওয়াক অফ ফেম-এ। ২০২৬ সালের জন্য ঘোষিত তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে জায়গা পেয়েছেন এই বলিউড তারকা।
দীপিকার পাশাপাশি এ তালিকায় রয়েছেন হলিউডের খ্যাতনামা তারকা ডেমি মুর, এমিলি ব্লান্ট, র্যাচেল ম্যাক অ্যাডামস, তিমোথে চালামেট, ফ্রাঙ্কো নিরো এবং খ্যাতনামা শেফ গর্ডন র্যামসের মতো ব্যক্তিত্বরা।
গত ২০ জুন, হলিউড ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল বিশ্বের বিভিন্ন দেশের ১০০ মনোনয়ন থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরে এই তালিকায় চূড়ান্ত অনুমোদন দেয় হলিউড চেম্বার অফ কমার্স। দীপিকার এই স্বীকৃতি শুধু তার একক অর্জন নয়, বরং এটি দক্ষিণ এশীয় সংস্কৃতি ও চলচ্চিত্রের আন্তর্জাতিক স্বীকৃতি বলেও ধরা হচ্ছে।
২০১৭ সালে ভিন ডিজেলের বিপরীতে ‘xXx: Return of Xander Cage’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকার। যদিও সেই অভিষেকের পর আর তাকে বড় কোনো হলিউড প্রজেক্টে দেখা যায়নি, কিন্তু ফ্যাশন দুনিয়া, কান চলচ্চিত্র উৎসব, মেট গালা কিংবা ব্র্যান্ড প্রতিনিধিত্ব—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন একজন গ্লোবাল আইকন।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে তালিকাভুক্ত করে।
সম্প্রতি দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজের সময়সীমা নিয়ে মন্তব্য করে কিছু বিতর্কে জড়ালেও, বর্তমানে দীপিকা ব্যস্ত রয়েছেন অ্যাটলি পরিচালিত ৬০০ কোটি টাকার মেগা প্রজেক্টে, যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।
সালমান-শাহরুখ-আমির বা কাপুরদের ছায়া থেকে বেরিয়ে দীপিকা নিজেকে প্রতিষ্ঠা করেছেন এক স্বতন্ত্র ও শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে। অভিনয়ের বাইরে তিনি হয়েছেন ভারতীয় সংস্কৃতির আন্তর্জাতিক দূত।
হলিউড ওয়াক অফ ফেমে দীপিকার নাম যুক্ত হওয়া প্রমাণ করে, ভারতীয় সিনেমা আর কেবল আঞ্চলিক বা দেশীয় গণ্ডিতে আবদ্ধ নেই। এটি এখন বিশ্বমঞ্চে নিজেদের পরিচিতি ও প্রভাব প্রতিষ্ঠার দিকেই এগিয়ে যাচ্ছে।
দীপিকার এই অনন্য অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়—এটি এক বিস্তৃত সাংস্কৃতিক জয়ের প্রতীক, যা কোটি কোটি ভারতীয়র গর্বের জায়গা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?