বাংলা নাটকের মহাকবি ও নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী আজ। দিনটি উপলক্ষে ঢাকা থিয়েটারের আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। বাংলাদেশ মহিলা সমিতিতে চলবে ১৮ আগস্ট পর্যন্ত এই আয়োজন।
প্রথম তিন দিন (১৬–১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘দেয়াল’, অনিক ইসলামের নির্দেশনায়। এতে অভিনয় করবেন ঢাকা থিয়েটারের শিল্পীরা।
উৎসবের শেষ দিন ১৮ আগস্ট মঞ্চস্থ হবে সেলিম আল দীনের ‘নিমজ্জন’—এর ৯০তম প্রদর্শনী, নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায়। নাটকের কাহিনিতে এক আগন্তুক মৃত্যুপথযাত্রী বন্ধুকে দেখতে এসে প্রত্যক্ষ করে নানা ভৌতিক ও মর্মান্তিক দৃশ্য—কুলির ঝুলন্ত লাশ, স্টিমারে হলোকাস্ট, ধর্ষণের পর হত্যাকাণ্ড, গণহত্যা, যুদ্ধবিধ্বস্ত শিশুর মৃত্যু ইত্যাদি। অভিনয়ে থাকছেন মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সিরাজুল ইসলাম, মোস্তাফা রতন, তরিকুল ইসলাম লিটন প্রমুখ। সুর ও সংগীতে আছেন শিমূল ইউসুফ।
রবীন্দ্র-নজরুল-পরবর্তী বাংলা নাটকে পাশ্চাত্যের প্রভাব কাটিয়ে নিজস্ব শিকড়ে ফেরাতে সবচেয়ে বড় অবদান রাখেন সেলিম আল দীন। তিনি শুধু নাট্যকার নন, ছিলেন গবেষক ও নবপ্রবর্তক। ‘বাংলা নাটকের মহাকবি’ ও ‘বাঁকবদলের কারিগর’—দুই নামেই পরিচিত এই গুণী শিল্পী বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), একুশে পদক (২০০৭) সহ বহু সম্মাননায় ভূষিত হন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি, মাত্র ৫৯ বছর বয়সে তিনি প্রয়াত হন।
বাংলা ভাষা ও সাহিত্য যতদিন বেঁচে থাকবে, ততদিন সেলিম আল দীন বেঁচে থাকবেন নাট্যাচার্য হিসেবে—প্রেরণার উৎস ও সৃজনশীলতার প্রতীক হয়ে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?