প্রায় তিন বছরের আইনি জটিলতা পেরিয়ে আবারও নিজের ভুবনে ফিরছেন হলিউড তারকা জনি ডেপ। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ পর্বে জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে ফেরার সম্ভাবনা এখন খুবই উজ্জ্বল।
প্রযোজক জেরি ব্রুকহেইমার সম্প্রতি এন্টারটেইনমেন্ট উইকলি-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ইতোমধ্যে জনির সঙ্গে নতুন সিনেমা নিয়ে আলোচনা হয়েছে। সব ঠিক থাকলে তিনি আবারও জলদস্যুর হাস্যকর ও রোমাঞ্চকর কাণ্ডকারখানায় দর্শকদের মাতাবেন। “সবই নির্ভর করছে চিত্রনাট্যের ওপর,” বলেন জেরি। “গল্প ভালো হলে জনি অভিনয় করবেন।”
২০০৩ সালে ‘দ্য কার্স অব ব্ল্যাক পার্ল’ দিয়ে শুরু হওয়া সিরিজে এখন পর্যন্ত পাঁচটি পর্ব মুক্তি পেয়েছে, সবগুলোতেই ছিলেন জনি ডেপ। বক্স অফিসে প্রতিটি সিনেমা ৬৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে, আর মোট আয় ছাড়িয়েছে ৪.৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) আয় করেছে এক বিলিয়ন ডলারেরও বেশি।
তবে ষষ্ঠ পর্বের যাত্রা থমকে যায় ২০১৮ সালে, যখন ডেপের সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ড নির্যাতনের অভিযোগ আনেন। মামলার প্রেক্ষিতে অনেক নির্মাতা ও ওয়াল্ট ডিজনি পিকচার্স তাকে প্রকল্প থেকে বাদ দেয়। দীর্ঘ আইনি লড়াই শেষে সমস্যার সমাধান হয়, আর এখন আলোচনায় জনির প্রত্যাবর্তন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?