গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সিদ্ধান্ত দেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের বর্ণনা তুলে ধরেন।
অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং আইনজীবী নাজনীন নাহার। তারা অভিযোগ থেকে জিয়াউল আহসানের অব্যাহতির আবেদন জানান।
এর আগে গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল তা আমলে নেয়। মামলায় তার বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একই বছরের ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে আটক করা হয়। পরদিন তাকে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে তাকে রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে বিভিন্ন মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতাবিরোধী অপরাধের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?