মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, এখনও এ বিষয়ে মালয়েশিয়া থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
তৌহিদ হোসেন বলেন, “এই গ্রেপ্তারের ঘটনাটি আমাদের জন্য উদ্বেগজনক, কারণ এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পুরো বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যান্য দেশে ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও এর বিরূপ প্রভাব পড়তে পারে।”
তিনি আরও জানান, আটকদের বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক অবস্থান জানানো যাচ্ছে না। তবে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে বিষয়টি জানতে এবং পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার সাম্প্রতিক আলোচনার বিষয়েও তথ্য দেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র চলমান সংস্কার ও অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজন প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছে। আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।”
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (OHCHR) একটি শাখা বাংলাদেশে স্থাপনের বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “এটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। দুই পক্ষের সম্মতিতে একটি চূড়ান্ত খসড়া হলে তবেই তা স্বাক্ষরিত হবে। ততদিন পর্যন্ত এর বিষয়ে খোলামেলা আলোচনায় না যাওয়াই শ্রেয়।”
তিন বছরের জন্য প্রস্তাবিত এই চুক্তির মেয়াদ পরবর্তীতে নতুন সরকার চাইলে বাড়াতে পারবে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে কোনও তালবাহানা হচ্ছে না। বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হচ্ছে।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?