পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিটি অব পর্তুগাল এর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি নতুন বছর ২০২৬-এর প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) পর্তুগালের রাজধানী লিসবন এ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশ, যিনি সান্তা এন্থনিও জুন্তা ফ্রিগুসিয়ার প্রেসিডেন্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সামাজিক সংগঠন কাজা দো বাংলাদেশ এর আহ্বায়ক রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাসুম আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন। এছাড়া উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাব–এর প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদসহ বিভিন্ন জেলা ভিত্তিক সংগঠনের নেতারা।
সিকদার বাবু ও শেখ সুমনের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের ২১ সদস্য, প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক কমিটির নেতৃবৃন্দ এবং পর্তুগালে বসবাসরত সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ সিহাব ভুইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি কাজী মঈনুর ইসলাম। প্রতিষ্ঠাকালীন সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মানিক। উপদেষ্টা কমিটির পক্ষে বক্তব্য দেন ফারুকুল ইসলাম ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী আবদুস সাত্তার। আরও বক্তব্য দেন সাবেক সভাপতি সাহেদুজ্জামান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক মাহদী ইসলাম জয়।
শেষ পর্বে প্রধান অতিথি জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশসহ বিশেষ অতিথিরা বক্তব্য দেন। নতুন কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহাগ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাব্বির মাহমুদ।
সবশেষে সভাপতি কাজী আনোয়ার হোসেন কাঈফ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?