রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নৃশংস ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আইনজীবীর নাম নাঈম কিবরিয়া। তিনি পাবনা জেলা জজকোর্টের একজন শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৫৮ মিনিটের দিকে একটি প্রাইভেটকারের গতিরোধ করে একটি মোটরসাইকেল। একই সময়ে প্রাইভেটকারটির বাম পাশে আরও দুটি মোটরসাইকেল এসে দাঁড়ায়। গাড়ি থেকে নাঈম কিবরিয়া নামার সঙ্গে সঙ্গেই একটি মোটরসাইকেলের আরোহী তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং একের পর এক ঘুষি মারতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আরও তিন-চারজন সেখানে এসে যোগ দেয় এবং তারা সবাই মিলে নাঈমকে মারধর করতে থাকে।
ভিডিওতে আরও দেখা যায়, হামলাকারীরা তাঁর প্রাইভেটকারে তল্লাশি চালানোর পর আবারও নাঈমের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় আই ব্লকের একটি সড়কে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
নিহতের খালাতো ভাই মো. রাকিবুল ইসলাম শামীম অভিযোগ করে জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে নাঈমকে মারধর করে সড়কে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বারিধারা এবং পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে এখনো হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হত্যাকাণ্ডটি নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?