দূষণের কারণে বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত শহরগুলোর একটি ভারতের রাজধানী নয়াদিল্লি। নিয়মিত নানা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও বায়ুদূষণ রোধে দৃশ্যমান অগ্রগতি আসেনি। এবার দূষণ মোকাবিলায় নতুন ও অভিনব উদ্যোগ নিচ্ছে দিল্লি সরকার— কৃত্রিম বৃষ্টি বা ‘ক্লাউড সিডিং’ পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
এর আগে চলতি ৪ থেকে ১১ জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা থাকলেও বর্ষাকালের অনুপযোগী মেঘের কারণে তা পিছিয়ে ৩০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
ভারতের পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানিয়েছেন, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) এই ট্রায়ালের অনুমতি দিয়েছে। আবহাওয়া বিভাগ ও পুনের ট্রপিক্যাল মেটেরোলজি ইনস্টিটিউটের বিশ্লেষণে দেখা গেছে, বর্ষার মেঘ পরীক্ষার জন্য অনুপযুক্ত হওয়ায় সময়সূচি পরিবর্তন করা হয়।
এই প্রকল্পে আইআইটি কানপুরের তৈরি একটি বিশেষ রাসায়নিক মিশ্রণ ব্যবহার করা হবে, যা মেঘে ছিটিয়ে দিলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পুরো কার্যক্রমের জন্য পাঁচটি বিশেষ বিমান ব্যবহার করা হবে, যেগুলো প্রতিদিন ৯০ মিনিট করে উড়বে। প্রতিটি বিমানের ট্রায়াল এলাকার পরিসর হবে প্রায় ১০০ বর্গকিলোমিটার।
এই পরীক্ষামূলক উদ্যোগে ৩ কোটি ২১ লাখ রুপি বরাদ্দ রেখেছে দিল্লি সরকার।
মন্ত্রী সিরসা বলেন, “গত দশ বছর ধরে কেবল আলোচনাই হয়েছে, বাস্তবায়ন হয়নি। কিন্তু আমরা এবার ১৩টি বিভাগের সঙ্গে সমন্বয় করে সকল অনুমোদন নিশ্চিত করেছি। এই উদ্যোগটি বাস্তবায়ন করে আমরা একটি ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি।”
তিনি আম আদমি পার্টি (AAP) সরকারকে কটাক্ষ করে বলেন, আগে কেউ এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। উল্লেখ্য, গত বছর দিল্লির তৎকালীন পরিবেশমন্ত্রী গোপাল রাই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে অনুমোদনের অনুরোধ করলেও তাতে সাড়া মেলেনি বলে অভিযোগ করেছিলেন তিনি।
দিল্লির দীর্ঘস্থায়ী বায়ুদূষণ সংকট মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক এই উদ্যোগ নজর কেড়েছে। পরীক্ষার সফল বাস্তবায়ন হলে ভবিষ্যতে ভারতের অন্যান্য দূষিত শহরেও এই পদ্ধতি চালু করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?