পাবনার চাটমোহর উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় যাত্রীবাহী একটি বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়া উপজেলার আতাইকুলা কালী দরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। নিহত অপর ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘পাবনা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি নারায়ণগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জন যাত্রীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ জানাতে তদন্ত চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক দুটিকে জব্দ করেছে পুলিশ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?