নিলামে মাত্র ৪৫ হাজার টাকায় কেনা একটি ছোট গুদামই যে জীবন বদলে দিতে পারে, তা বোধহয় ভাবেননি ক্রেতা। কিন্তু আমেরিকায় ঘটে যাওয়া এক ঘটনায় সেই অসম্ভবই সম্ভব হয়েছে। গুদামের ভেতরে থাকা একটি পুরোনো সিন্দুক খুলতেই বেরিয়ে আসে বিপুল অঙ্কের নগদ টাকা প্রায় ৫৮ কোটি টাকা। মুহূর্তেই আলোড়ন ছড়িয়ে পড়ে দেশজুড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গুদামটি নিলামে তোলা হয়েছিল আমেরিকান রিয়্যালিটি টিভি শো স্টোরেজ ওয়ার্স এর মাধ্যমে পরিচিত ড্যান ডটসনের উদ্যোগে। এই শোতে সাধারণত যেসব গুদামের ভাড়া দীর্ঘদিন পরিশোধ করা হয়নি, সেগুলো নিলামে বিক্রি করা হয়। নিলামে গুদাম কিনলে ভেতরে থাকা সব জিনিসপত্রের মালিকানাও ক্রেতার হয়ে যায়।
সম্প্রতি ওই অনুষ্ঠানের নিলামে অংশ নিয়ে এক যুবক মাত্র ৫০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকা) দিয়ে একটি ছোট গুদাম কেনেন। গুদামের ভেতরে ঢুকেই তাঁর নজরে পড়ে একটি পুরোনো সিন্দুক। কৌতূহল থেকে সিন্দুকটি খুলতেই তিনি হতবাক হয়ে যান ভেতরে ছিল ৭.৫ মিলিয়ন ডলার নগদ, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৮ কোটি।
ঘটনাটি জানাজানি হলে গুদামের আগের মালিকদের পক্ষ থেকে যুবকের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর আশঙ্কায় আইনজীবীদের মাধ্যমে আলোচনা শুরু হয়। প্রথমে আগের মালিকরা টাকা ফেরত দেওয়ার বিনিময়ে ৪.৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন। পরে দরকষাকষির মাধ্যমে শেষ পর্যন্ত ১১ কোটি টাকায় সমঝোতা হয় এবং উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
পুরো ৫৮ কোটি টাকা না পেলেও মাত্র ৪৫ হাজার টাকা খরচ করে ১১ কোটি টাকার লাভ করায় স্বাভাবিকভাবেই খুশি ওই যুবক। তিনি জানিয়েছেন, সবকিছুই ভাগ্যের ব্যাপার আর সেদিন ভাগ্যই তাঁর পাশে ছিল। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা, নেটিজেনরা একে বলছেন ‘লাইফটাইম লাক’।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?