ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসন থেকে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি তিনি নিজেও একটি জাতীয় দৈনিককে মুঠোফোনে নিশ্চিত করেছেন। শামা ওবায়েদ জানান, আসন্ন নির্বাচনে ফরিদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যেই তিনি মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করেছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, একসময় তিনি একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তবে গত বছরের ২০ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।
হলফনামায় শামা ওবায়েদ নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাভোসিল্ক সলিউশনের চেয়ারম্যান এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ)-এর জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন।
মামলার তথ্য অনুযায়ী, শামা ওবায়েদের বিরুদ্ধে মোট ১৮টি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। ২০২৫ সালে আটটি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং আরও আটটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তবে একটি হত্যা মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, শামা ওবায়েদের বার্ষিক আয় দেখানো হয়েছে ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে আয় ১২ লাখ ৬০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ৪৬ হাজার ৪০৪ টাকা, চাকরির সম্মানী বাবদ ৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা এবং অন্যান্য সম্মানী ভাতা বাবদ ৯৬ হাজার টাকা।
স্থাবর সম্পদের বিবরণীতে দেখা যায়, ২০২৫ সালের হলফনামায় তার স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা। এর মধ্যে রয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ৪৫০ শতাংশ অকৃষি জমি (যার মূল্য উল্লেখ করা হয়নি) এবং ঢাকার বনানীতে অবস্থিত ৩ হাজার ২৪৫ বর্গফুটের একটি ফ্ল্যাট।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?