রাশিয়া টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের ভয়েস কল সেবা সীমিত করেছে। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের দাবি, এসব সেবা ব্যবহার করে প্রতারণা, অর্থ আদায় এবং রুশ নাগরিকদের সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ানো হচ্ছে।
রুশ গণমাধ্যম ও ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা রস্কোমনাডজর জানায়, আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে বারবার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও মেসেঞ্জারের মালিকরা তা মানেনি। কর্তৃপক্ষ চায়—এই সেবাগুলো রুশ আইনের আওতায় এসে প্রয়োজনে ব্যবহারকারীর ডেটায় প্রবেশাধিকার দিক। নিষেধাজ্ঞা তোলা হবে কেবল তখনই, যখন তারা এ শর্ত মেনে চলবে।
মিডিয়াস্কোপের তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্তে রাশিয়ার হোয়াটসঅ্যাপের প্রায় ৯ কোটি ৬০ লাখ এবং টেলিগ্রামের ৮ কোটি ৯০ লাখ মাসিক ব্যবহারকারী প্রভাবিত হবেন। যদিও নিষেধাজ্ঞা শুধু ভয়েস কলে সীমিত থাকার কথা বলা হয়েছে, অনেক ব্যবহারকারী জানিয়েছেন—ভিডিও কলও ব্যাহত হচ্ছে।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার পর থেকে মস্কো অনলাইন প্ল্যাটফর্মে নিয়ন্ত্রণ বাড়িয়ে দিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর অভিযোগ, টেলিগ্রাম ব্যবহার করে ইউক্রেন রাশিয়ায় মানুষ নিয়োগ ও ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে।
সম্প্রতি রাশিয়া একটি আইন পাশ করেছে, যার আওতায় অবৈধ কনটেন্ট খোঁজার চেষ্টা করলেও শাস্তির মুখোমুখি হতে হবে ব্যবহারকারীদের। পাশাপাশি জনপ্রিয় মেসেজিং সেবার বিকল্প হিসেবে ‘ম্যাক্স’ নামের দেশীয় অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?