বিশাল এক টর্নেডোকে সাক্ষী রেখে এক যুগল তাদের বাগদানের ঘোষণা দিয়েছেন আর এই নাটকীয় দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটেছে গত ২৮ জুন, শনিবার, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায়। ব্রাইস শেলটন নামের এক তরুণ এক হাঁটু গেঁড়ে প্রেমিকা পেইজ বারডোমাসকে বিয়ের প্রস্তাব দেন। তবে সাধারণ কোনো প্রেক্ষাপটে নয়—তাদের পেছনে ঘনিয়ে আসছিল একটি ভয়ংকর টর্নেডো! সেই অনন্য মুহূর্তের ছবি শেয়ার হওয়ার পর এক্স-এ (সাবেক টুইটার) এটি ১ কোটি ৭০ লাখেরও বেশি ভিউ পেয়েছে।
যদিও ছবিটি স্বতঃস্ফূর্ত বলে মনে হতে পারে, শেলটন জানিয়েছেন যে তিনি এই সাহসী প্রস্তাবের পরিকল্পনা করছিলেন গত কয়েক মাস ধরেই। পেইজের সঙ্গে তার পরিচয় মাত্র এক বছর আগের, কিন্তু তখন থেকেই তারা ঝড়ের পেছনে ছুটে বেড়ান—এডভেঞ্চারপ্রিয় এই দম্পতির মধ্যে গড়ে ওঠে গভীর সংযোগ।
তাদের বাগদানের সাহসী ও ব্যতিক্রমী উপস্থাপনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঝড় উঠেছে। হাজার হাজার মানুষ এই যুগলের দুঃসাহস, প্রেম এবং মুহূর্তের নাটকীয় সৌন্দর্যের প্রশংসা করেছেন। অনেকে ছবিটিকে ‘অবিশ্বাস্য’, ‘শক্তি ও আবেগের প্রতিচ্ছবি’ এবং ‘সত্যিকারের মাস্টারপিস’ হিসেবে অভিহিত করেছেন।
এই গল্প শুধু একটি বাগদানের নয়—এটি ভালোবাসা, এডভেঞ্চার এবং দুঃসাহসিকতার এক অনন্য উদাহরণ, যা প্রমাণ করে, ভালোবাসার মুহূর্ত তৈরি করতে প্রকৃতিও কখনো কখনো নাট্যশালার মঞ্চ হয়ে ওঠে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?