গত বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরের সময়ে ৫৭ হাজারের বেশি মালয়েশিয়ান নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরে চলে গেছেন বলে ৭ জানুয়ারি ( বুধবার) হারিয়ান মেট্রো জানিয়েছে।
মালয়েশিয়ার ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির জাতীয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক বদরুল হিশাম আলিয়াস জানান, এই সময়ের মধ্যে মোট ৬১ হাজার ১১৬ জন মালয়েশিয়ান তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এর মধ্যে ৯৩ দশমিক ৭৮ শতাংশ—প্রায় ৫৭ হাজার ৩১৫ জন—সিঙ্গাপুরে গেছেন। এছাড়া ২ দশমিক ১৫ শতাংশ অস্ট্রেলিয়ায় এবং শূন্য দশমিক ৯৭ শতাংশ ব্রুনেইয়ে চলে গেছেন।
তিনি আরও জানান, নাগরিকত্ব ত্যাগকারীদের মধ্যে নারীর সংখ্যাই বেশি—মোট ৩৫ হাজার ৩৫৬ জন। পাশাপাশি গড়ে প্রতি বছর প্রায় ১০ হাজার মালয়েশিয়ান নাগরিকত্ব ত্যাগ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
হারিয়ান মেট্রোকে দেওয়া এক
সাক্ষাৎকারে বদরুল হিশাম আলিয়াস বলেন,
“মালয়েশিয়ার নাগরিকত্ব ত্যাগের সিদ্ধান্তের পেছনে মূলত অর্থনৈতিক ও
পারিবারিক কারণই বেশি কাজ করে।
সিঙ্গাপুরের ক্ষেত্রে দেখা যায়, অনেক
মালয়েশিয়ান সেখানে কর্মরত। চাকরির সুযোগ ও আয়ের উচ্চমাত্রা
তাদের জন্য নাগরিকত্ব পাওয়া
তুলনামূলকভাবে সহজ করে তোলে।”
বদরুল আরও বলেন, যেসব
মালয়েশিয়ান বিদেশি নাগরিককে বিয়ে করে বিদেশে
বসবাসে যান, তাদের অধিকাংশই
পারিবারিক কারণ দেখিয়েই নাগরিকত্ব
পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
নাগরিকত্ব ত্যাগ করা মোট ৬১ হাজার ১১৬ জনের মধ্যে বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ছিলেন ৩১ থেকে ৪০ বছর বয়সীরা—সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন (৩১ দশমিক ১৬ শতাংশ)। এরপর ২১ থেকে ৩০ বছর বয়সী ১৮ হাজার ৮২৭ জন (৩০ দশমিক ৮ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৪ হাজার ১২৬ জন (২৩ দশমিক ১ শতাংশ) এবং ৫০ বছরের বেশি বয়সী ৮ হাজার ৮৭৬ জন (১৪ দশমিক ৫ শতাংশ)।
গত বছরের আগস্টে দ্য স্টার ও প্রতিবেদন করেছিল যে, ২০১৫ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১০ বছরে ৯৭ হাজারের বেশি মালয়েশিয়ান তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?