clock ,

কিয়েভে প্রকাশ্য দিবালোকে ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

কিয়েভে প্রকাশ্য দিবালোকে ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

ইউক্রেনের রাজধানী কিয়েভে দিবালোকে প্রকাশ্যে এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ (SBU)। পার্কিং লটে হাঁটার সময় অজ্ঞাত এক বন্দুকধারী খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এসবিইউ নিহত কর্মকর্তার পরিচয় প্রকাশ না করলেও ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি কর্নেল ইভান ভোরোনিচ।

এসবিইউ সাধারণত অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা কার্যক্রম চালালেও ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর সংস্থাটি রাশিয়ার অভ্যন্তরে গোপন অভিযান ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডেও জড়িয়ে পড়েছে। গোপন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে রুশ জেনারেল ইগর কিরিলোভের হত্যার পেছনে এসবিইউ জড়িত ছিল। চলতি বছর মস্কোতে গাড়ি বোমা হামলায় আরেক রুশ জেনারেল, ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হন। ক্রেমলিন এ ঘটনার জন্য কিয়েভকে দায়ী করলেও ইউক্রেন তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

হত্যার কারণ সম্পর্কে এসবিইউ বা কিয়েভ পুলিশ কেউ কিছু জানায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে এবং হত্যাকারীর খোঁজে অভিযান চলছে। এসবিইউ জানিয়েছে, “এই হত্যাকাণ্ডের পেছনের সত্য উদ্ঘাটন ও দায়ীদের গ্রেপ্তারে আমরা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছি।”

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় ৯টার কিছু পর হোলোসিভস্কি জেলায় এক ব্যক্তি ভবন থেকে বের হয়ে পার্কিং লটে যাচ্ছিলেন। তখনই আরেক ব্যক্তি হঠাৎ দৌড়ে এসে তার খুব কাছ থেকে গুলি ছোড়ে। ‘ইউক্রেইনস্কা প্রাভদা’ জানিয়েছে, হামলাকারী পাঁচবার গুলি করে।

এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল, যখন ইউক্রেন রাশিয়ার সর্ববৃহৎ আকাশ হামলার অভিযোগ তুলেছে। মঙ্গলবার রাশিয়া ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার ভোররাতে আরও এক হামলায় কিয়েভে অন্তত ২ জন নিহত ও ১৬ জন আহত হয়। ৮টি এলাকায় ১৮টি ক্ষেপণাস্ত্র ও ৪০০ ড্রোন ব্যবহৃত হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং গত গ্রীষ্মে ইউক্রেনীয়রা যে এলাকা পুনর্দখল করেছিল, তা আবার রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া।

তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখনও কোনো সমাধান দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতির আলোচনা থমকে রয়েছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পুতিনের সমালোচনা করছেন এবং তাকে চাপের মুখে রাখার আহ্বান জানাচ্ছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য