ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে প্রথমবারের মতো সৌর শক্তি জুন মাসে বৃহত্তম একক বিদ্যুৎ উৎপাদনের উৎসে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্যারিস থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, জ্বালানি খাতভিত্তিক গবেষণা সংস্থা এম্বার এই তথ্য প্রকাশ করেছে।
ব্রিটিশভিত্তিক থিঙ্কট্যাঙ্ক এম্বার জানায়, জুন মাসে ইউরোপে মোট বিদ্যুতের ২২.১ শতাংশ এসেছে সৌর প্যানেল থেকে। এটি পারমাণবিক শক্তির ২১.৮ শতাংশ এবং বায়ু টারবাইনের ১৫.৮ শতাংশ উৎপাদনকে ছাড়িয়ে গেছে। এ ছাড়া গ্যাস থেকে এসেছে ১৪.৪ শতাংশ ও জলবিদ্যুৎ থেকে ১২.৮ শতাংশ বিদ্যুৎ।
প্রতিষ্ঠানটি আরও জানায়, অন্তত ১৩টি ইউরোপীয় দেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে নিজেদের জাতীয় রেকর্ড ভেঙেছে। একই সময়ে বায়ুশক্তির ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে ইউরোপ। অপরদিকে, কয়লার ব্যবহার ইউরোপীয় বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
তবে এম্বার সতর্ক করেছে, বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে ২০২৫ সালের প্রথমার্ধে ইউরোপে কয়লার ব্যবহার ২০২৪ সালের একই সময়ের তুলনায় বেশি ছিল। চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপের বিদ্যুতের চাহিদা আগের বছরের তুলনায় ২ শতাংশের বেশি বেড়েছে।
এ সব তথ্য ইঙ্গিত দেয়, নবায়নযোগ্য শক্তির দিকে ইউরোপের যাত্রা অগ্রসর হলেও, চাহিদা বৃদ্ধির চাপ এখনো পুরোনো জ্বালানির ওপর নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে উঠতে দেয়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?