আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন আয়োজন সরকারের সাংবিধানিক দায়িত্ব, কোনো রাজনৈতিক দলের নয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। এ উদ্দেশ্যেই সব কার্যক্রম ও ধাপ এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আমরা সেই সময়সূচির দিকেই অগ্রসর হচ্ছি।”
রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “দলগুলো নিজেদের উদ্দেশ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়। এটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চলছে। এখনো একই ধারা অব্যাহত রয়েছে। তাই এসব বক্তব্যকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত।”
আইন উপদেষ্টা আরও বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো ধরনের দ্বিধা নেই। “আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজনস্বীকৃত ও আন্তর্জাতিকভাবে নন্দিত একজন ব্যক্তিত্ব। তিনি নিজেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন, আর সেই ঘোষণার পর থেকে আমরা এক বিন্দুও পিছিয়ে আসিনি।”
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশন সংস্কারের জন্য আসা সুপারিশগুলো বাস্তবায়নে আগামী দুই মাসের মধ্যে আইন প্রণয়ন করা হবে। এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?