পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত তাজিয়া মিছিল ‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। রবিবার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শোকাবহ পরিবেশে মিছিলটি শুরু হয়।
কালো পোশাকে সজ্জিত হাজারো শিয়া ধর্মাবলম্বী এতে অংশ নেন। তাদের হাতে ছিল প্রতীকী ছুরি, নিশান, আলাম, বেস্তা ও কারবালার স্মৃতিচিহ্ন। কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে অনেককে চোখের জলে মাতম করতেও দেখা যায়। মিছিল জুড়ে ধ্বনিত হয়—‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’, ‘ইয়া আব্বাস’।
তাজিয়া মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলের সার্বিক নিরাপত্তায় মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, সোয়াত, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরাও দায়িত্ব পালন করছেন।
মিছিলে
অংশ নেওয়া মোহাম্মদ সাকিল বলেন, "এই দিনটি শুধু
শোক নয়, আত্মত্যাগ ও
ন্যায়ের প্রতীকের দিন। ইমাম হোসেনের
জীবন থেকে আমরা সত্য
ও ত্যাগের শিক্ষা পাই।"
আরেক অংশগ্রহণকারী নাসরিন আক্তার বলেন, "এই মিছিল আমাদের
ভালোবাসা, শ্রদ্ধা এবং ইতিহাস বহনের
প্রতীক। ইমামদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে
আমরা এই পথে হাঁটি।"
শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক অপূর্ব মিলন ঘটেছিল এ দিনের তাজিয়া মিছিলে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?