রাজনৈতিক প্রতিহিংসার জেরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার অভিযোগে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
ডিবিপ্রধান বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী রাজধানীর মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। মামলায় মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয়জন পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং রাজনৈতিক বিরোধ থেকেই সংঘটিত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই যুবক শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?