আগামী ১৫ জানুয়ারি থেকে আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে। আসন্ন এই বৈশ্বিক আসরের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আইসিসির ঘোষিত তালিকায় ১৩টি দেশের মোট ১৭ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি রয়েছেন। এতে বাংলাদেশের পক্ষ থেকে আম্পায়ার হিসেবে মাসুদুর রহমান মুকুল এবং ম্যাচ রেফারি হিসেবে নিয়ামুর রশিদ রাহুল দায়িত্ব পালন করবেন।
আসন্ন যুব বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে যুব দল।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা তিন দল নিয়ে গঠিত হবে সুপার সিক্স। সেখানে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, আর ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
আম্পায়ারদের তালিকা
আহমাদ শাহ দুররানি (আফগানিস্তান), আইডান সিভার (আয়ারল্যান্ড), কোরি ব্ল্যাক (নিউজিল্যান্ড), ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ), ফয়সাল আফ্রিদি (পাকিস্তান), ফস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে), গ্রাহাম লয়েড (ইংল্যান্ড), ইকনো চাবি (জিম্বাবুয়ে), লুবাবালো গকুমা (দক্ষিণ আফ্রিকা), মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), নীতিন বাথি (নেদারল্যান্ডস), প্রগীথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা), রাসেল ওয়ারেন (ইংল্যান্ড), শন হাইগ (নিউজিল্যান্ড), শন ক্রেইগ (অস্ট্রেলিয়া), বীরেন্দ্রার শর্মা (ভারত), জাহিদ বাসারাথ (ওয়েস্ট ইন্ডিজ)।
ম্যাচ রেফারি
ডিন কসকার (ইংল্যান্ড), নিয়ামুর রশিদ রাহুল (বাংলাদেশ), প্রকাশ ভাট (ভারত) ও গ্রায়েম লা ব্রুয় (শ্রীলঙ্কা)।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?