বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ ‘মনোনয়নভিত্তিক’ গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সাধারণত বিপুল অঙ্কের বিনিয়োগ ছাড়া গোল্ডেন ভিসা পাওয়া কঠিন হলেও, এই নতুন ভিসাটি তুলনামূলক কম খরচে এবং অনেক সুবিধাসহ মিলবে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী দুবাইয়ে গোল্ডেন ভিসা পেতে হলে কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) মূল্যের সম্পত্তি থাকতে হতো। তবে নতুন নিয়মে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে মনোনয়নভিত্তিক গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
প্রাথমিকভাবে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে থেকে ৫ হাজার জনকে এই ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সফল হলে সিইপিএ (Comprehensive Economic Partnership Agreement) অন্তর্ভুক্ত অন্যান্য দেশেও এটি চালু করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে রায়াদ গ্রুপ নামের একটি আন্তর্জাতিক পরামর্শক সংস্থা। তাদের ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব জানিয়েছেন, মনোনয়নভিত্তিক এই ভিসা একবার পেলে তা স্থায়ী হবে এবং সম্পত্তি-ভিত্তিক ভিসার মতো বাতিল হয়ে যাবে না।
আবেদনকারীদের ব্যাপক ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের মধ্য দিয়ে মনোনয়ন চূড়ান্ত করা হবে। এর মধ্যে অর্থপাচার, অপরাধমূলক রেকর্ড, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর রাখা হবে। যাচাইয়ের পর রায়াদ গ্রুপ আবেদনটি আমিরাত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে।
নতুন এই গোল্ডেন ভিসায় একাধিক সুবিধা থাকবে। আবেদনকারী তার পরিবারকে আমিরাতে আনতে পারবেন, গৃহকর্মী ও গাড়িচালক রাখতে পারবেন, এবং দেশটিতে ব্যবসা বা পেশাগত কাজের সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া চালু হবে রায়াদ গ্রুপের নিবন্ধিত অফিস, ওয়ান ভাস্কো সেন্টার, অনলাইন পোর্টাল ও কল সেন্টারের মাধ্যমে।
বিশেষজ্ঞরা বলছেন, এই মনোনয়নভিত্তিক গোল্ডেন ভিসা বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যে অভিবাসন ও পেশাগত জীবনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?