অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীতে উল্লেখযোগ্য জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১২তম সভা শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশের বিভিন্ন পদে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিসে ২০৮ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু নতুন সৃষ্ট পদ, আবার কিছু শূন্যপদ পূরণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনার বিষয়ে তিনি জানান, “যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল।”
সম্প্রতি বিনা অনুমতিতে কর্মস্থল থেকে দীর্ঘ অনুপস্থিতির কারণে বিসিএস পুলিশ ক্যাডারের ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এটি ডিজারশন অপরাধ হিসেবে গণ্য হয়। প্রক্রিয়াটি চলমান এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
হয়রানিমূলক মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা চাই কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। তবে দোষীদের ছাড় দেওয়া হবে না। কারও বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হলে গণমাধ্যমের মাধ্যমে জানান, আমরা ব্যবস্থা নেব।”
এ সময় তিনি সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?