clock ,

তাজউদ্দীন আহমদের জন্মশতবর্ষ আজ

তাজউদ্দীন আহমদের জন্মশতবর্ষ আজ

আজ ২৩ জুলাই, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী। ১৯২৫ সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।


এই ঐতিহাসিক দিনে তাজউদ্দীন আহমদের পরিবার আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তাঁর কন্যা লেখক শারমিন আহমদ ও পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার তাজউদ্দীন আহমদ ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় হন। ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন এবং বাঙালির স্বাধিকার সংগ্রামে ছিল তাঁর অগ্রণী ভূমিকা।

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মুসলিম লীগের সাধারণ সম্পাদককে পরাজিত করে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক ও সাধারণ সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত করার পেছনে মুখ্য ভূমিকা রাখেন।

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। ১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুর গ্রেফতারের পরপরই ঢাকায় গণহত্যা শুরু হলে, তাজউদ্দীন আহমদ ভারতে গিয়ে গঠিত বাংলাদেশের প্রথম প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেন এবং মুক্তিযুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্বাধীনতার পর তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে রাজনৈতিক মতপার্থক্যের জেরে ১৯৭৪ সালের অক্টোবরে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাকেও গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। একই বছরের ৩ নভেম্বর জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়।

তাজউদ্দীন আহমদ আজ ইতিহাসের পাতায় কেবল একজন রাজনীতিক নন— তিনি এক সংগ্রামী আত্মার নাম, যিনি রাষ্ট্র নির্মাণের দায় কাঁধে নিয়ে জাতিকে মুক্তির পথে নেতৃত্ব দিয়েছিলেন নিরলস নিষ্ঠায়।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য