কুয়েতের জিলিব আল-শুয়েখ এলাকায় প্রবাসীদের লক্ষ্য করে চাঁদাবাজি চালানো একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ফারওয়ানিয়া গোয়েন্দা বিভাগ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সবজি বাজার ও অস্থায়ী দোকানদারদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিল। টাকা না দিলে প্রবাসীদের হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে বাজারে চাঁদাবাজির একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়, যেখানে দেখা যায় চক্রের সদস্যরা একাধিক বিক্রেতার কাছ থেকে জোর করে টাকা নিচ্ছেন।
পরে অভিযান চালিয়ে গোয়েন্দারা এক বাংলাদেশি নাগরিককে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁদাবাজির সময় ঘটনাস্থলে ছিলেন। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুয়েত সরকার জানিয়েছে, তারা প্রবাসীদের নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে প্রশাসনের এমন পদক্ষেপকে প্রশংসা করেছেন এবং আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?