‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ থেকে শুরু করে ‘বিভাবরী’ গত ছয় বছরের অভিনয় ক্যারিয়ারে একাধিক ওয়েব সিনেমায় দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। নতুন বছরেও নতুন একটি ওয়েব সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছেন তিনি।
সাদিয়া আয়মান জানান, গত বছরের শেষ ভাগে নতুন ওয়েব সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সিনেমাটি চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এখনো সিনেমার নাম কিংবা পরিচালকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা সিনেমার টিম থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাই সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আপাতত মুক্তির অপেক্ষায় আছি।
নতুন বছরে সাদিয়া আয়মানের অভিনীত দুটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। গত বছর নাটক দুটির শুটিং শেষ হয়েছে এবং সেগুলো আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানান তিনি। আরও একটি নতুন সিনেমা নিয়েও প্রাথমিক আলোচনা চলছে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘ওই প্রজেক্টের লুক টেস্ট সামনে আছে। লুক টেস্টের পর বিষয়টি পরিষ্কার হবে।’
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমা ও ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া আয়মান। নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘২০২৫ সালে যেমন অপ্রত্যাশিতভাবে ভালো দুটি কাজ দর্শকদের উপহার দিতে পেরেছি, এ বছরও তেমনই মানসম্মত কিছু করতে চাই। কাজের ক্ষেত্রে কোয়ালিটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?