এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তাঁর পরিবারের সদস্যদের নামে সিঙ্গাপুরে থাকা মোট ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার জব্দ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে আদালত। ১০ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
দুদকের পক্ষ থেকে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক ফ্রিজ আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তরা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উপার্জিত অর্থ বিদেশে পাচার করে এসব সম্পদের মালিক হয়েছেন। এই অর্থ যেন স্থানান্তর বা গোপন না করা হয়, সে জন্য আদালতের হস্তক্ষেপ প্রয়োজন ছিল।
ফ্রিজ করা সম্পদের তালিকায় রয়েছে সাইফুল আলমের নামে সিঙ্গাপুরে ৪০টি ব্যাংক হিসাব, স্ত্রী ফারজানা পারভীনের ৬টি ব্যাংক হিসাব ও ৮টি কোম্পানির শেয়ার, ছেলে আশরাফুল আলমের ৭টি ব্যাংক হিসাব ও ১টি কোম্পানির শেয়ার, ছেলে আহসানুল আলমের ৭টি ব্যাংক হিসাব ও ১টি কোম্পানির শেয়ার, ছেলে আসাদুল আলম মাহির ১টি ব্যাংক হিসাব, শ্যালক আহমেদ বেলালের ২টি ব্যাংক হিসাব ও বোন মাইমুনা খানমের ১টি ব্যাংক হিসাব।
দুদক মনে করছে, এই সম্পদগুলো অপরাধলব্ধ অর্থ দ্বারা অর্জিত, এবং যাতে তা বিদেশে স্থানান্তর বা বিনষ্ট না হয়, সে জন্যই তাৎক্ষণিকভাবে এসব সম্পদ ফ্রিজ করার প্রয়োজন দেখা দেয়।
এই আদেশ বাংলাদেশের দুর্নীতিবিরোধী অভিযানে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?