যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে স্ত্রী কুলসুমা আক্তারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার দায়ে প্রবাসী বাংলাদেশি হাবিবুর রহমান মাসুমকে দোষী সাব্যস্ত করেছে ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্ট। বৃহস্পতিবার (২৭ জুন) আদালত এ রায় ঘোষণা করে।
রায়ে বলা হয়, ২০২৩ সালের ৬ এপ্রিল সাত মাস বয়সী সন্তান ও এক বন্ধুর সঙ্গে কেনাকাটা করতে বের হলে মাসুম তার স্ত্রী কুলসুমাকে ২৫ বার ছুরিকাঘাত করেন। ঘটনাটি ঘটে ব্র্যাডফোর্ডের একটি বাণিজ্যিক এলাকায়। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাসুম সন্তানটিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন এবং এরপর কুলসুমার ওপর হামলা চালান।

বিচার চলাকালে জানা যায়, কুলসুমা পূর্বে পারিবারিক সহিংসতার শিকার হয়ে ওল্ডহ্যাম থেকে পালিয়ে ব্র্যাডফোর্ডের একটি নারী-আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। সেখানেও মাসুম তাকে ছুরি দেখিয়ে হুমকি দিয়েছিলেন।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের আইনজীবী ম্যারি ওয়ালশ বলেন, মামলায় মাসুমের বিরুদ্ধে পূর্ব নির্যাতনের ধারাবাহিকতা স্পষ্টভাবে উঠে এসেছে। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের গোয়েন্দা প্রধান স্টেসি অ্যাটকিনসন বলেন, "একটি শিশুর সামনে এমন ভয়াবহ ঘটনা চরম মর্মান্তিক। অভিযুক্ত এমনভাবে পালিয়ে যান, যেন কিছু ঘটেনি।"
বাংলাদেশে বিয়ে করে ২০২২ সালে যুক্তরাজ্যে আসেন এই দম্পতি। মাসুম তখন ছিলেন স্টুডেন্ট ভিসাধারী। আদালতে আত্মপক্ষ সমর্থনে মাসুম দাবি করেন, ঘটনার সময় তার মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না এবং তিনি আত্মরক্ষার জন্য ছুরি বহন করছিলেন।
তার সাজা ঘোষণার দিন পরে নির্ধারণ করা হবে। আদালত আশাবাদ ব্যক্ত করেছে, এই রায় অন্তত কুলসুমার পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দেবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?