২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে **লিটন দাস**কে, সহ-অধিনায়ক সাইফ হাসান।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী ও চলমান বিপিএলে ফর্মে থাকা নাজমুল হোসেনের। সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ছয়জন ক্রিকেটার এবারের দলে নেই; আগের আসরের নয়জন নিজেদের জায়গা ধরে রেখেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো দলটিতে ব্যাটসম্যান রয়েছেন ৭ জন, স্পিনার ৩ জন এবং পেসার ৫ জন। গত আসরেও যারা খেলেছিলেন—লিটন দাস, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান—তাঁদের অনেকেই এবারও দলে আছেন।
মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম, জাকের আলী ও নাজমুল হোসেনের জায়গায় এবারে দলে ঢুকেছেন পারভেজ হোসেন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।
আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি ও নেপাল। গ্রুপের তিন ম্যাচের দু’টি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?