ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে অন্তত আটটি যুদ্ধজাহাজ ও ১ হাজার ২০০ মিসাইল মোতায়েন করেছে। তাঁর অভিযোগ, এ সামরিক প্রস্তুতি ভেনেজুয়েলা সরকারের পতনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
মাদুরো বলেন, “সামরিক হুমকির মাধ্যমে তারা সরকার পরিবর্তন চাইছে। আমাদের মহাদেশে গত ১০০ বছরের মধ্যে ভেনেজুয়েলা সবচেয়ে বড় হুমকির মুখে। আট যুদ্ধজাহাজ, ১ হাজার ২০০ মিসাইল ও সাবমেরিন দিয়ে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।”
তিনি আরও জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্ত ও উপকূলে সেনা মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষকে আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, ওয়াশিংটন দাবি করেছে মাদক চোরাচালান ঠেকাতে এই নৌবহর পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁকে সন্ত্রাসী চক্রের অংশ হিসেবে আখ্যা দিয়েছে। তবে এ অভিযোগের প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি।
বর্তমানে মার্কিন নৌবাহিনীর ইউএসএস গ্র্যাভলি, ইউএসএস জেসন ডানহাম, ইউএসএস স্যাম্পসন এবং ইউএসএস লেক এরি যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান সাগরে অবস্থান করছে। শিগগিরই আরও জাহাজ, চার হাজার নাবিক ও মার্কিন মেরিন সেখানে যোগ হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে।
এর আগে, গত আগস্টে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল— মাদুরোকে মাদক পাচারে জড়িত থাকার প্রমাণে ধরিয়ে দিলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?