clock ,

মুমূর্ষু মাকে ফেলে অফিসে আসার নির্দেশ, প্রতিবাদে চাকরি ছাড়লেন নারী কর্মকর্তা

মুমূর্ষু মাকে ফেলে অফিসে আসার নির্দেশ, প্রতিবাদে চাকরি ছাড়লেন নারী কর্মকর্তা

ভারতের একটি বেসরকারি ব্যাংকের এক নারী কর্মকর্তা গুরুতর অসুস্থ মায়ের সেবার জন্য ছুটি না পেয়ে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার অসংবেদনশীল আচরণের প্রতিবাদে শেষ পর্যন্ত চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম রেডিটে ওই কর্মকর্তার দেওয়া একটি পোস্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম NDTV এ খবর প্রকাশ করেছে। পোস্টে তিনি জানান, ভুল ওষুধ সেবনের কারণে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েক দিনের জরুরি ছুটির আবেদন করেছিলেন তিনি। কিন্তু তার ম্যানেজার সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

বরং ম্যানেজারের পক্ষ থেকে তাকে বলা হয়, মায়ের শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে কোনো মেডিকেল সেন্টার বা শেল্টার হোমে রেখে হলেও অফিসে হাজির থাকতে হবে। এই মন্তব্যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পোস্টে উল্লেখ করেন।

ভুক্তভোগী কর্মকর্তা লেখেন, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করার পর এমন অমানবিক প্রস্তাবের মুখোমুখি হতে হবে—তা তিনি কল্পনাও করেননি। তার সামনে তখন মাত্র দুটি পথ খোলা ছিল—মুমূর্ষু মাকে একা রেখে কাজে যাওয়া অথবা চাকরি ছেড়ে মায়ের পাশে থাকা। তিনি দ্বিতীয় পথটিই বেছে নেন এবং এর পরপরই তাকে পদত্যাগ করতে হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে করপোরেট সংস্কৃতির চরম অসংবেদনশীলতা ও মানবিক মূল্যবোধহীনতার উদাহরণ হিসেবে দেখছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছেন, ম্যানেজারের এমন মন্তব্য লিখিতভাবে চাইলে পরবর্তীতে আইনি লড়াইয়ের সুযোগ তৈরি হতে পারত।

এ ঘটনায় কর্মক্ষেত্রে কর্মীদের মৌলিক অধিকার, মানসিক স্বাস্থ্য ও পারিবারিক জরুরি পরিস্থিতিতে মানবিক সহানুভূতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। NDTV  এর প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক কর্মপরিবেশে যে সহমর্মিতা ও দায়িত্বশীলতা প্রত্যাশিত, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত চিত্রই তুলে ধরেছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য