দীর্ঘ আন্তর্জাতিক যাত্রায় সিঙ্গাপুরে লে-ওভার মানেই এত দিন বিমানবন্দরের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হতো ভারতীয় যাত্রীদের। তবে সেই একঘেয়েমির দিন শেষ হতে চলেছে। ভারতীয় নাগরিকদের জন্য ৯৬ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা চালু করেছে সিঙ্গাপুর সরকার। ‘ভিসা-ফ্রি ট্রানজিট ফ্যাসিলিটি’ (VFTF) নামে এই ব্যবস্থার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করলে ভিসা ছাড়াই টানা চার দিন সিঙ্গাপুর ঘুরে দেখার সুযোগ মিলবে।
কী এই ৯৬ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা?
যেসব যাত্রী সিঙ্গাপুরকে স্টপওভার বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করবেন, কেবল তারাই এই সুবিধা পাবেন। ভ্রমণের মাঝখানে সিঙ্গাপুরে নেমে ইমিগ্রেশন পার হয়ে শহরে ঢুকে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা অবস্থান করা যাবে—এ জন্য আলাদা ভিসার প্রয়োজন হবে না।
কোন কোন দেশের নাগরিকরা পাবেন সুবিধা?
ভারত ছাড়াও চীন, জর্জিয়া, তুর্কমেনিস্তান, ইউক্রেন এবং CIS ভুক্ত দেশগুলোর নাগরিকরা এই সুবিধার আওতায় থাকবেন। তবে সিঙ্গাপুরে পৌঁছানোর পর ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (ICA) নথিপত্র যাচাই করে প্রবেশের চূড়ান্ত অনুমতি দেবে।
ভারতীয় নাগরিকদের জন্য ভ্রমণের শর্ত
ভারতীয় যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে তখনই, যখন তাঁরা সিঙ্গাপুর হয়ে তৃতীয় কোনো দেশে যাবেন বা সেখান থেকে ফিরবেন। সিঙ্গাপুর থেকে প্রস্থানের টিকিট অবশ্যই আকাশপথ বা সমুদ্রপথের হতে হবে।
উন্নত দেশের বৈধ ভিসা থাকা বাধ্যতামূলক
এই সুবিধা পেতে ভারতীয়দের পাসপোর্টে অন্তত একটি উন্নত দেশের বৈধ ভিসা বা দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট থাকতে হবে। তালিকায় রয়েছে—
আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি ও সুইজারল্যান্ড।
সিঙ্গাপুরে প্রবেশের দিন সেই ভিসার মেয়াদ অন্তত এক মাস থাকতে হবে।
সিঙ্গল জার্নি ভিসায় ফেরার ক্ষেত্রেও সুবিধা
কারও কাছে যদি সিঙ্গল জার্নি ভিসা থাকে, তবে সেই ভিসা ব্যবহার করে সংশ্লিষ্ট দেশ থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরার পথেও VFTF সুবিধা পাওয়া যাবে। তবে শর্ত হলো— ওই ভিসা ব্যবহারের পর ভারতে ফেরার আগে অন্য কোনো দেশে আর লে-ওভার নেওয়া যাবে না।
ট্রানজিট ও ইমিগ্রেশন—পার্থক্য বুঝে নিন
যাত্রীরা যদি ইমিগ্রেশন পার না হয়ে কেবল বিমানবন্দরের ভেতরেই অবস্থান করেন, তাহলে এই সুবিধার প্রয়োজন নেই। তবে লাগেজ সংগ্রহ বা পুনরায় চেক-ইনের জন্য যদি ইমিগ্রেশন পার হয়ে বাইরে যেতে হয়, সে ক্ষেত্রে VFTF-এর সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক।
বাজেট এয়ারলাইন্স যাত্রীদের জন্য সতর্কতা
বাজেট এয়ারলাইন্সের যাত্রীদের অনেক সময় ট্রানজিটের সময় লাগেজ সংগ্রহের জন্য ইমিগ্রেশন পার হতে হয়। তাই টিকিট কাটার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি—সিঙ্গাপুরে ইমিগ্রেশন পার হতে হবে কি না। প্রয়োজন হলে আগেই নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও সাধারণ প্রবেশবিধি
সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে দেশটির চলমান স্বাস্থ্যবিধি ও ইমিগ্রেশন নিয়ম মেনে চলতে হবে। সব শর্ত পূরণ হয়েছে কি না, তা যাচাই করেই ইমিগ্রেশন কর্মকর্তারা প্রবেশের অনুমতি দেবেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?