পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান জুড়ে একযোগে ১২টি স্থানে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে নিরাপত্তা বাহিনী ও পুলিশের কমপক্ষে ১০ সদস্য নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অভিযানে ৫৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানজুড়ে হামলা চালায়। তবে নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপে হামলাগুলো ব্যর্থ করা সম্ভব হয়।
পাকিস্তান সরকার আফগান তালেবানের সঙ্গে সম্পর্কযুক্ত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সন্ত্রাসীদের সম্বোধন করতে ‘ফিতনা আল খারেজি’ এবং ভারতের কথিত ভূমিকার জন্য ‘ফিতনা আল হিন্দুস্তান’ শব্দ ব্যবহার করে।
সূত্র আরও জানায়, নিরাপত্তা বাহিনী এখনও বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এতে আরও কয়েকজন সন্ত্রাসী হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন। বেলুচিস্তানের প্রাদেশিক কর্মকর্তা শাহিদ রিন্দ বলেন, প্রদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুই দিনে ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহত হওয়ার পরপরই এসব হামলা সংঘটিত হয়েছে।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, হারনাই জেলার উপকণ্ঠে ‘ফিতনা-আল-খারেজি’ উপস্থিতির খবর পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সৈন্যরা গোপন আস্তানায় আক্রমণ চালিয়ে ৩০ জন সন্ত্রাসীকে নির্মূল করে। এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ এবং ধ্বংস করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?