ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটগ্রহণ শেষ পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন প্রবাসী ভোট দিয়েছেন। এর মধ্যে ডাকযোগে দেশে পৌঁছেছে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট।
ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের আগামীকাল মঙ্গলবার (বাংলাদেশ সময়) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভোট সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভোট জমা না পড়লে সংশ্লিষ্ট ব্যালট বাতিল বলে গণ্য হবে।
ইসি সূত্র জানায়, এবার দেশে ও দেশের বাইরে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রবাসী। প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটারদেরও পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে। গতকাল সকাল পর্যন্ত এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী ব্যালট হাতে পেয়েছেন।
অ্যাপের তথ্য অনুযায়ী, ভোট দেওয়া ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন প্রবাসীর মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন ইতোমধ্যে নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। তবে যেসব নিবন্ধিত ভোটার এখনো কিউআর কোড স্ক্যান করেননি, তাদের আগামীকাল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে পোস্ট অফিসে জমা দেওয়া ব্যালট সময়মতো দেশে পৌঁছানোর সম্ভাবনা বেশি। ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো ব্যালটগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে। এর পরে পৌঁছানো সব পোস্টাল ব্যালট বাতিল বলে বিবেচিত হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?