ব্রিটিশ পাসপোর্টধারী সাংবাদিক ও ধনকুবের জিমি লাইকে হংকংয়ের একটি আদালত চীনের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। লাই দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন এবং তার মালিকানাধীন দৈনিক অ্যাপল ডেইলিকে বেইজিংবিরোধী প্রতিবাদের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতেন।
লাইয়ের বিরুদ্ধে বিদেশী শক্তির সঙ্গে ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী বিষয়বস্তু প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) হংকংয়ের হাইকোর্টের তিন বিচারকের রায়ে তাকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ২০২০ সালের ডিসেম্বর থেকে লাই কারাগারে রয়েছেন।
জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর এটি এখন পর্যন্ত সর্বোচ্চ সাজা। চীন সরকার এই আইন হংকংয়ের স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজন বলে দাবি করে আসছে। তবে সমালোচকেরা বলছেন, আইনটি ব্যবহার করে শহরের ভিন্নমত ও গণতান্ত্রিক কণ্ঠরোধ করা হচ্ছে।
লাই ২০২১ সালে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় পত্রিকায় অভিযান ও মামলার পর অ্যাপল ডেইলি বন্ধ হয়ে যায়। একই মামলায় ওই পত্রিকার ছয়জন সাবেক নির্বাহীকে ৬ বছর নয় মাস থেকে সর্বোচ্চ ১০ বছরের মধ্যে সাজা দিয়েছেন আদালত।
জিমি লাই একজন প্রতীকী ব্যক্তিত্ব ও হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের ‘নায়ক’, কিন্তু বেইজিংয়ের চোখে তিনি একজন ‘রাষ্ট্রদ্রোহী’। তিনি সবসময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে বলেছেন, হংকংয়ের আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় কথা বলার জন্যই তাকে শাস্তি দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই রায় হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল, যা ভবিষ্যতে গণমাধ্যম ও ভিন্নমতের ওপর চাপ আরও বাড়াতে পারে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?