যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর বিশ্ব রাজনীতি ও প্রযুক্তি অঙ্গনে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। একের পর এক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় শুরু হয়েছে পদত্যাগ, তদন্ত ও রাজনৈতিক চাপ। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শীর্ষ সহযোগী মর্গান ম্যাকসুইনি এবং নরওয়ের রাষ্ট্রদূত মোনা জুল পদত্যাগ করেছেন।
রাজপরিবারের উদ্বেগ
নথিতে প্রকাশিত তথ্যের পর প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে কেনসিংটন প্যালেস। সিএনএনের খবরে বলা হয়, সৌদি আরব সফরের আগে রিয়াদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রিন্স উইলিয়ামের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।
ম্যাকসুইনির পদত্যাগ ও রাজনৈতিক চাপ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে লর্ড পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে তার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্কের বিষয়টি জানা থাকা সত্ত্বেও ওই নিয়োগের পরামর্শ দেওয়ার দায় সম্পূর্ণভাবে নিজের কাঁধে নেন ম্যাকসুইনি। বিবিসির তথ্য অনুযায়ী, এ ঘটনায় লেবার পার্টির একাংশের এমপি ও সহযোগী ট্রেড ইউনিয়নগুলো এখন প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ দাবি করছে।
নরওয়ের রাষ্ট্রদূতের বিদায়
জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জর্ডান ও ইরাকে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মোনা জুল পদত্যাগ করেছেন। নতুন নথিতে উঠে এসেছে, এপস্টেইন তার উইলে জুলের দুই সন্তানের জন্য এক কোটি ডলার রেখে গিয়েছিলেন।
প্রযুক্তি জায়ান্টদের উপস্থিতি নিয়ে প্রশ্ন
এপস্টেইনের ২০১৫ সালের একটি নৈশভোজে ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের উপস্থিতির ছবি প্রকাশ্যে এসেছে। এনডিটিভির খবরে বলা হয়, নতুন নথিতে ওই আয়োজনকে এপস্টেইন নিজেই ‘উন্মাদনাপূর্ণ’ বলে উল্লেখ করেছিলেন।
পুতিন প্রসঙ্গ ও রহস্যজনক তথ্য
নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম এসেছে এক হাজার পাঁচবার। প্রতিবেদনে বলা হয়, এপস্টেইন পুতিনের সঙ্গে সাক্ষাতের একাধিক চেষ্টা করেছিলেন এবং রুশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।
এ ছাড়া এপস্টেইনের মৃত্যুকে ঘিরেও নতুন রহস্য তৈরি হয়েছে। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে দেখা যায়, তার মৃত্যুর ঘোষণা সংবলিত একটি খসড়া বিবৃতি ১০ আগস্ট ২০১৯ মৃত্যুর এক দিন আগেই প্রস্তুত করা হয়েছিল।
ম্যাক্সওয়েলের জিজ্ঞাসাবাদ
এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলকে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করবে মার্কিন কংগ্রেস।
নতুন নথি প্রকাশের পর এপস্টেইন কেলেঙ্কারি কেবল অতীতের একটি অপরাধে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক রাজনীতি ও করপোরেট জগতের জন্য বড় ধরনের সংকটে রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?